
মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার:
জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে ইচ্ছেকৃতভাবে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাময়িক বরখাস্তকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, জগন্নাথপুরে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে একাধিক মিথ্যা তথ্য প্রদান করে এনআইডি নাম্বার। ৭৮২৯০২০৪০৮, ১৯৭৯১১৯০১৬ ও ১১৭৯০৩২২৭২ সৃজন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া এনআইডি অংগের পরিদর্শন টিমের তদন্তে মিথ্যা তথ্য-উপাত্ত সম্বলিত ফর্ম নম্বর (NIDFN116731144, NIDFN117476637 ও NIDFN117535792) দিয়ে নিবন্ধন করার প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালনে অবহেলা, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এবং ভোটার তালিকা আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-০২/২০২৫) রুজু করা হয়।
বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আনীত অসদাচরণ, এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ হতে। চাকুরী হইতে অপসারণ’ (Removal from Service) সূচক গুরুদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।