
খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এ গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রানা—পিতা হোসেন শেখ, সাং তেলিগাতি, থানা আড়ংঘাটা—কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবর্ষণের পরপরই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুটি গুলির মাথা উদ্ধার করা হয়।
আহত রানা গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানানো হবে।