
একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন সৎ শাসককে নির্বাচিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ওয়ার্ডে আয়োজিত এক বিশাল উঠান বৈঠক ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ৫৪ বছরের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশে যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে, তাকে টেকসই করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফ কায়েম করতে হবে।
সাবেক এই সংসদ সদস্য তাঁর বক্তব্যে বিগত সরকারের আমলের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কঠোর সমালোচনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রশাসনে কোনো প্রকার দলীয়করণ রাখা হবে না। হিংসা, বিদ্বেষ এবং হানাহানি মুক্ত একটি সমাজ গঠনের অঙ্গীকার করে তিনি বলেন, তাঁর দল এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং নাগরিকরা সাম্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের অধিকার ফিরে পাবেন। দুর্নীতিবাজদের রুখে দিয়ে দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করাই হবে তাদের সরকারের মূল লক্ষ্য।
খুলনা-৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার আশ্বাস দেন যে, ডুমুরিয়া ও ফুলতলার অবহেলিত জনপদের চিত্র বদলে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার গ্রাম্য অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকার সামগ্রিক পরিবর্তন এবং নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীকই একমাত্র ভরসা।
কুলবাড়িয়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঈনুল ইসলাম এবং উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন। এছাড়া মাওলানা মতিউর রহমান, হাফেজ মইনুদ্দিন ও শেখ রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। দিনভর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মঠবাড়িয়া, চুকনগর আবাসন প্রকল্প এলাকা, গোবিন্দকাটি ও কাঁঠালতলাসহ ডুমুরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। প্রতিটি স্থানেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনার পাশাপাশি আগামীর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।