
খুলনা নগরীতে নিখোঁজের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল মাওয়া নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান জানান, সোমবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায় মাওয়া। সেখানে পরিচিত এক ‘দাদা’ তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।
মেয়ের ফিরতে দেরি হওয়ায় উদ্বিগ্ন হয়ে মা ফোন দিলে ওই ব্যক্তি জানায়, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে দেরি হবে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট এলাকার একটি ফাঁকা স্থান থেকে মাওয়ার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দড়ি দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরিচিত সেই ‘দাদা’র নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।