
খুলনার ফুলতলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক ডিশ লাইনের কর্মী নিহত হয়েছেন। শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে দামোদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এ সময় একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বিরসহ তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে সাব্বিরের মৃত্যু হয়। আহত নীরব ও স্বাধীন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে নীরবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার ময়নাতদন্ত শেষে সাব্বিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ফুলতলা নেট ভিশনের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, সাব্বির অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছিলেন এবং ডিশ লাইনের কর্মী হিসেবে কাজ করতেন।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, “বন্ধুদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”