
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুরা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, নিহত শিশুদের স্বজনরা অভিযোগ করেছেন, নবজাতক ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্রের গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
পরে দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, “যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ও ছয়জন নবজাতক ছিল। এটি পোস্ট ডেলিভারি ওয়ার্ড, যেখানে ডেলিভারির পর মা ও শিশু একসঙ্গে থাকে।”
তিনি জানান, রাতের দিকে ওয়ার্ডে অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কয়েকজন মা কর্তব্যরত নার্সদের এসি বন্ধ করার অনুরোধ করেন। রাত ৩টার দিকে দুই নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় আবার ওয়ার্ডে ফিরিয়ে আনার পরামর্শ দেন চিকিৎসকরা।
তিনি আরও বলেন, “সকাল ৬টার দিকে মায়েরা আবারও শিশুদের অসুস্থতার বিষয়টি জানান। এরপর ছয় নবজাতককেই এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার সময় দুই শিশুর মৃত্যু হয়। বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।”
ঘটনার পর হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।