
সুজিত বাছাড়,
আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, দিনে ও রাতে মিলিয়ে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা তা ফিরে আসে না। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। রাতেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিকমতো ঘুমাতে না পারায় পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও দিঘলিয়ায় কেন এত বেশি লোডশেডিং হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে দিঘলিয়া এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।