
মাদকবিরোধী অভিযানে সফলতা দেখিয়েছে খুলনা মহানগর ডিবি পুলিশ। গত ১ নভেম্বর ২০২৫ তারিখ রাতে খালিশপুর থানাধীন নুরনগর এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত (উইন কোরেক্স) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, মহানগর ডিবি পুলিশের একটি টিম ওই দিন রাত ৯টা ৩০ মিনিটে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ আবুল কালাম সরদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ২২ বোতল উইন কোরেক্স উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান এবং কারবারিদের দমনে কেএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।