
গত ৮ নভেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৪টায় কর্তব্যরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার মাধ্যমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর ২০২৫ রাত ৭টা ২৬ মিনিটে তিনি ব্রেইন স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
জনাব সিরাজুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ, পেশাদার ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা, যিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সুরক্ষা ও রাষ্ট্রের সেবায় নিয়োজিত ছিলেন।
তিনি ২ ফেব্রুয়ারি ১৯৮৬ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ৯ মাস ৮ দিন।
২০১১ সালের ১ জুলাই তিনি বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৪ বছরের কর্মজীবনে তিনি যশোর, মাগুরা ও খুলনা জেলায় দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সততার সঙ্গে। সর্বশেষ তিনি ২৯ আগস্ট ২০২৪ থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দাকোপ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। মরহুম সিরাজুল ইসলাম স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
খুলনা জেলা পুলিশের সকল সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
তথ্য ও ছবি: খুলনা জেলা পুলিশ