
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন । এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা জাফর আহমেদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, চেয়ারপার্সনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে , বুধবার রাতে হঠাৎ করেই বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন তাৎক্ষণিক চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়ার সমাধি জিয়ারতের ব্যবস্থা করা হয়। হঠাৎ খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছিলেন।