
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি ও সারাদেশের শাখাসমূহ নানা কর্মসূচির আয়োজন করে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী এবং স্কুল-কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ আলোচনা সভা।
সকালে রাজধানীর কাকরাইলস্থ নিসচা কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাতিরঝিল সড়ক ভবনের গেইটে উপস্থিত হয়ে সরকারি র্যালিতে অংশ নেন। র্যালি শেষে সড়ক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন তাঁরা।
এরপর মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারতের জন্য বনানী কবরস্থানে যাত্রা করেন কেন্দ্রীয় নেতারা। বিকেল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় অফিস থেকে প্রেসক্লাব পর্যন্ত আরেকটি র্যালির আয়োজন করা হয়।
প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন,
> “সড়কে শৃঙ্খলা ফেরানো ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সব রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার ও রাজনৈতিক দলগুলো যেন আগামী নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করে।”
তিনি আরও বলেন,
> “আমাদের প্রাণের স্পন্দন, নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়ানো অনুচিত। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।”
র্যালি শেষে বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় অফিসে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত ও ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বাবুল, মহাসচিব এস. এম. আজাদ হোসেন, যুগ্ম মহাসচিব মো. গনি মিয়া বাবুল ও এ. কে. আজাদ, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিটু ও কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ. কে. এম. ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি, আব্দুর রাজ্জাক, আসাদুর রহমান, মো. ইমরান হোসেন, জামাল হোসেন মণ্ডল, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ।