
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগটি মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
চুক্তির অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী ‘MV NORSE STRIDE’ নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের Department of Agriculture (USDA) এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এই চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
তথ্য ও ছবি : খাদ্য মন্ত্রণালয়