
খুলনা নগরীর দৌলতপুর থানাধীন পাবলার এলাকায় পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে সাতজনকে ফাঁসির আদেশ এবং দুইজনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর আদালত-১-এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন — মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এর মধ্যে তিনজন বর্তমানে পলাতক রয়েছেন।
আর খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন কুটি ও শামীম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। এসময় তার চিৎকার শুনে এগিয়ে আসেন সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও মা রেখা সাহা। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত পারভেজের বাবা নিজামউদ্দিন হাওলাদার বাদী হয়ে নয়জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন মোট নয়জন।