
সরকার প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন,
> “সরকার জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে একটি বৈষম্যমুক্ত, ন্যায়ানুগ ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই অভিযাত্রায় গণমানুষের আকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো ইস্যুকে ঘিরে সমাজে বিশৃঙ্খলা বা জনরোষের সৃষ্টি হয়— এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।”
তিনি আরও জানান, সরকারের নীতি ও পলিসির আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে জনস্বার্থ ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে উদ্ধৃত করে ধর্ম উপদেষ্টা বলেন,
> “ইতোমধ্যে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাসের সংখ্যা পূর্বের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত স্নাতক ডিগ্রিধারীরাও সমান সুযোগ পাচ্ছেন।”
এর আগে দুই উপদেষ্টা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।