
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র রক্ষায় আন্তবর্তী সরকারকেও প্রশাসনের নিরপেক্ষতা প্রদর্শন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক হতে হবে।”
বুধবার বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে আজিজুল বারী হেলালকে খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল আরও বলেন,
“এই সহজ-সরল দিঘলিয়ার মানুষের মাঝে ধানের শীষের নির্বাচন আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বিএনপি জনগণের দল—জনগণের অধিকার ফেরাতেই কাজ করছে। ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়নেও বিএনপিকে দমানো যায়নি। এদেশের মানুষ জানে, বিএনপির পরাজয় মানে বাংলাদেশের পরাজয়।”
তিনি অঙ্গীকার করেন, বিএনপি সরকার গঠন করলে দিঘলিয়ার বন্ধ স্টার জুট মিল পুনরায় চালু করা হবে, আধুনিকায়ন করা হবে এবং এলাকার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
শোকরানা দোয়া মাহফিলে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, সদস্য আছাফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, সাংগঠনিক সম্পাদক পলি আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, মেহেদী হাসান সাজ্জাদ, রাজন, সোহেল, আবিদ আজাদ, আমির, নয়ন, ইমন, রাহাদ, হাসিবসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।