
বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়ার জবাবে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। শুক্রবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি লেখেন—
> “গত কয়েকদিন ধরে আমি আপনাদের অনেক কমেন্ট পড়ছি। একটাও বাদ দেইনি। অনেকে আমাকে প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন, সাহস জুগিয়েছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আবার অনেকেই রাগ করে কটূ মন্তব্য করেছেন—কেউ বলেছেন আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি, কেউ বলেছেন অযোগ্য বা ক্ষমতার লোভী। কিন্তু বিশ্বাস করুন, এতে আমার রাগ হয়নি। বরং ভালো লেগেছে, কারণ আপনারা যাকে নিজের মনে করেন তাকেই শাসন করেন।”
স্নিগ্ধ লেখেন, তিনি রাজনীতিবিদ হয়ে জন্মাননি। তবে ভাই মীর মুগ্ধর মৃত্যুর পর থেকেই তিনি উপলব্ধি করেছেন, “শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে, এই সিস্টেমের ভেতর থেকেই পরিবর্তন আনতে হয়।”
তিনি আরও বলেন,
> “আমি অভিজ্ঞ নই, ভুল করব—তবুও আপনাদের পাশে চাই। কারণ আমার ভুল হলে আপনারা যেন শাসন করেন, গালি দেন, কান ধরে ঠিক পথে ফেরান।”
স্নিগ্ধর বক্তব্যে উঠে আসে তীব্র আবেগ ও দৃঢ় প্রতিজ্ঞা—
> “আমি হেরে গেলে, আপনি হেরে গেলে, আমরা হেরে গেলে—হেরে যাবে মুগ্ধ, হেরে যাবে আবু সাঈদ, হেরে যাবে জুলাই।”
শেষে তিনি লেখেন,
> “আমি আপনাদের নেতা হতে আসিনি। এসেছি আমার ভাই, আপনার ভাই-বোনদের হারানোর যন্ত্রণাকে শক্তিতে পরিণত করতে। আসুন, অভিমানটাকেই আমরা দেশ গড়ার এনার্জি বানাই। আমি থাকব—সব গালি, সব অপমান সহ্য করেও।”
উল্লেখ্য, মীর মুগ্ধ ছিলেন জুলাই আন্দোলনের এক প্রতীকী মুখ, যিনি আন্দোলনের সময় প্রাণ হারান। তার স্মৃতি ও আত্মত্যাগ দেশের তরুণ প্রজন্মের মাঝে নতুন এক রাজনৈতিক চেতনা তৈরিতে ভূমিকা রেখেছে।
তথ্য ও ছবি : মীর স্নিগ্ধের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহিত