
চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন এবং বিএনপি’র রাজনৈতিক কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—
শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র বাবা মোঃ জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলনে আহত মোঃ ফারহান জামিল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই, সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে প্রিয়জনদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব।”