
প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কিছু সিদ্ধান্ত ও নির্দেশনায় ভিন্নমত থাকলেও সামগ্রিকভাবে বক্তব্যকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
> “আমরা জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্য ও সিদ্ধান্তকে মেনে নেওয়ার পক্ষে। যার যার মতভিন্নতা থাকলেও এখন একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন ছিল, এবং প্রধান উপদেষ্টা সেটাই দিয়েছেন।”
তারা বলেন, সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে যে সমন্বিত সিদ্ধান্ত দিয়েছেন—যার মধ্যে রয়েছে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন নির্ধারণ, এবং গণভোটে একমত ও ভিন্নমত উভয় মতকে অন্তর্ভুক্ত করে ব্যালট প্রণয়ন—তা একটি “অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ সমাধান।”
নেতৃবৃন্দ বলেন,
> “আমরা প্রথম থেকেই বলে আসছিলাম—রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে পর্যাপ্ত যুক্তিতর্ক ও আলোচনা শেষ করেছে। এখন সরকারের উচিত ছিল একটি সমাধানমূলক সিদ্ধান্ত দেওয়া, এবং রাজনৈতিক দলগুলোর সেটি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”
বিবৃতিতে এবি পার্টি আশা প্রকাশ করে যে, বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল বিভাজন পরিহার করে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে পরিচালিত করবে।