
দ্বীনের (ধর্মের) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ থেকেই আসা উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। আজ শনিবার (২২ নভেম্বর, ২০২৫) বিকেলে ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. খালিদ হোসেন আলেম-ওলামাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। তিনি বলেন, “আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে”। এজন্য তিনি আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং একে অন্যকে সম্মান করার অনুরোধ জানান। এছাড়া, তিনি আলেমসমাজকে অনুমাননির্ভর কথা বলা থেকে বিরত থাকার অনুরোধও করেন।
মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন”। তিনি জানান, এই স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তাঁর মতে, এই প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং নতুন আলোর দিশা দেবে।
আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
স্মারকগ্রন্থ পরিচিতি: স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজ প্রফেসর (অব.) আহমাদ মিয়া। এটি প্রকাশ করেছে আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং এর প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী।