
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি পালন করা হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা জানান, সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদানসহ র্যালি, সেমিনার, আলোচনা, কর্মশালা ও প্রদর্শনীসহ বিভিন্ন সচেতনতামূলক আয়োজন করা হবে।
৫টি ক্যাটাগরিতে মোট ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পদক প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তা প্রদান করবেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন—জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮১%, কৃষিজ জিডিপিতে অবদান ১৬.৫৮%, খাতটির অর্থমূল্য দাঁড়িয়েছে ৯১,০৩৬ কোটি টাকা। পোল্ট্রি শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান খাত, যেখানে ৪০,০০০ কোটি টাকার বেশি বেসরকারি বিনিয়োগ রয়েছে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ৬ কোটি ৬৮ লাখ ডিম।
উপদেষ্টা বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপনের মাধ্যমে—আধুনিক প্রযুক্তির প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী–যুব উদ্যোক্তা তৈরি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে।
তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা প্রশংসা করেন।
তথ্য ও ছবি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়