
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নির্বাচন আয়োজনের অগ্রগতি ও ইসির প্রস্তুতি উপস্থাপন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন ও গণভোট আয়োজনের সব প্রস্তুতি পরিকল্পনামাফিক, সুন্দর ও সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
প্রস্তুতিপর্বে সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য কমিশনাররা। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিইসি বলেন, “নাগরিকরা ইতোমধ্যে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”
‘ইসি চালকের আসনে’ — সন্তোষ প্রধান উপদেষ্টার
ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।”
তিনি আরও বলেন, “জাতির প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারাই (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।” প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”