
খুলনার হরিণটানা এলাকায় পারিবারিক কলহ ও দীর্ঘদিনের আর্থিক অভাব-অনটনের জেরে হাসিব (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ওই এলাকার খসরু খাঁ–এর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসারে চলমান অভাব-অনটনকে কেন্দ্র করে হাসিব ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করলেও তিনি ফিরতে অস্বীকৃতি জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন হাসিব।
বুধবার গভীর রাতে হাসিবের বাবা ঘুম ভেঙে ছেলেকে ঘরে না পেয়ে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় হাসিবের মরদেহ দেখতে পান। পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।