
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে আজ শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর মাধ্যমে বিজয়ের অনন্য মুহূর্ত স্মরণ করা হয়। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি বিজয়ের স্মৃতিকে সজীব রাখতে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবহিত করতে আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে তোপধ্বনি, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ। তিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট এবং গার্লস গাইডের সদস্যরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চার মনোমুগ্ধকর প্রদর্শনী করেন। এই প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের বিজয় দিবস উদযাপনে নানা আয়োজনের পাশাপাশি বিজয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পণ্য পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ও খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। এছাড়াও খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।