
নিউইয়র্কের বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরীর রচিত নতুন বই “আমেরিকার অভিবাসন কষ্টের পথ” (THE ROAD TO AMERICA: IMMIGRATION & HARDSHIP)-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত নবান্ন পার্টি হলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং (Grace Meng) এবং বিচারপতি কাসান্ড্রা এ. জনসন (Cassandra A. Johnson)। এছাড়া এডউইন নোভিল্লা (Edwin Novillo)-সহ নিউইয়র্কের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, সমাজকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বইয়ের লেখক অ্যাটর্নি মঈন চৌধুরী নিজে। অতিথিরা তাঁর লেখনী ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন এবং অভিবাসন বিষয়ে বইটির গুরুত্ব তুলে ধরেন।
বইটির ইংরেজি শিরোনাম “THE ROAD TO AMERICA: IMMIGRATION & HARDSHIP”। এতে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথে নানা সংগ্রাম, আইনি জটিলতা, বাস্তব অভিজ্ঞতা ও মানবিক দিকগুলো তুলে ধরা হয়েছে। অতিথিবৃন্দ মন্তব্য করেন, বইটি নতুন ও বিদ্যমান অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতার দলিল হিসেবে কাজ করবে।