
খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় অন্যতম প্রধান আসামি ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ সূত্র জানায়, অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাতে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শামীমের পিতা শামসুল হক ও মাতা সালেহা বেগম। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙা থানাধীন গোবরচাকা গ্রামে। র্যাব জানায়, শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা রয়েছে।
একই অভিযানে শামীমের সহযোগী মাহাদিন (২১) কে গ্রেফতার করা হয়। মাহাদিন মৃত শেখ ইব্রাহিমের ছেলে এবং তার বাড়িও গোবরচাকা গ্রামে। র্যাব জানায়, ঘটনার সময় মাহাদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির ‘মুক্তা হাউজ’ নামক ভবনের নিচতলায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন সন্ত্রাসী এনসিপি শ্রমিক নেতা মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় আহত মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে সোনাডাঙা মডেল থানায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।