
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুর আগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রীয় শোকের তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। পাশাপাশি আগামীকাল দেশের প্রতিটি মসজিদে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে শোক বই খোলা হবে।
বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি জানান, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তাঁকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
আজকের সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, ‘আজ গভীর শোকের একটি সময়ে আমরা সবাই একত্র হয়েছি। পুরো জাতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছিল, যেন তিনি আরও বহু বছর আমাদের সঙ্গে থাকেন। তাঁর চলে যাওয়া জাতির জন্য এক বিরাট ক্ষতি।’
স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সর্বশেষ তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। সেদিন তিনি বেশ উৎফুল্ল ছিলেন। নিজের অসুস্থতা সত্ত্বেও তিনি সবার খোঁজখবর নিয়েছেন। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। তাঁর প্রয়াণে আমরা একজন দৃঢ়, সাহসী ও দেশপ্রেমিক নেত্রীকে হারালাম।’