
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ কার্যক্রম শুরু হয়।
দলীয় সূত্র জানায়, শোক বইতে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন ও স্বাক্ষর করতে পারবেন। মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর গ্রহণ কার্যক্রম চলবে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বইতে শ্রদ্ধা নিবেদন করছেন।