
খুলনার ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল (২৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন—ভ্যানচালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় এবং আয়শা বেগম।
স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির কারণে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে চলে যায় এবং গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান দুটিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
আহত কালিপদ মন্ডলের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।