
খুলনা মহানগরীতে র্যাবের বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় সংঘটিত চাঞ্চল্যকর গলা কেটে হত্যাকাণ্ডের মামলার অন্যতম পলাতক ও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬ সিপিসি সদর কোম্পানি এবং র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) খুলনা মহানগরীর রূপসা থানাধীন রূপসা টোল প্লাজা সংলগ্ন সাথী বেগমের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে আবু বক্কর ওরফে বাদশা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির পিতা মোতালেব শেখ এবং তার বাড়ি বাগেরহাট সদর থানার উৎকুল এলাকায়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবু বক্কর ওরফে বাদশা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা দানিউল ইসলাম (৫৬) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে প্রাপ্ত প্রধান আসামি হিসেবে চিহ্নিত। গত ১২ ডিসেম্বর ২০২৫ রাতে দানিউল ইসলামকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ সুলতানা রাজিয়া বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে র্যাব গ্রেপ্তারকৃত আসামির সংশ্লিষ্টতা শনাক্ত করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের যেকোনো স্থানে সংঘটিত গুরুতর অপরাধের সঙ্গে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।