
খুলনার ঐতিহ্যবাহী বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় কদমতলাস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে বেগম খালেদা জিয়া ছিলেন এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর অভাব আজ দেশের প্রতিটি স্তরে অনুভূত হচ্ছে এবং তাঁর আদর্শই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাথেয় হিসেবে কাজ করবে।
সমিতির উপদেষ্টা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ আব্দুর রব মাস্টার। সভায় বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। আড়ৎদার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁদের প্রিয় নেত্রীর স্মরণে আয়োজিত এই দোয়া মাহফিলে অত্যন্ত আবেগঘন পরিবেশে শরিক হন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী এবং ঊর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলামসহ সমিতির নির্বাহী সদস্যবৃন্দ। রাজনৈতিক নেতাদের মধ্যে হাফেজ আবুল বাশার, একরামুল হক হেলাল ও মোল্লা নুরুল ইসলামসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাছারি ঘাট বাবুচ্ছালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক। বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী আহাম্মদ তালুকদার, শেখ আবুল হাসান ও দেলোয়ার হোসেনসহ কয়েক শতাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই দোয়া মাহফিলে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।