
কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত গাড়িতে আটকে পড়া দুই চালকসহ চারজনকে উদ্ধার করা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায়।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া–মেহেরপুর মহাসড়কের ত্রিমোহিনী বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কামরুল হাসান নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, একটি ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালক ভেতরে আটকে পড়েছেন এবং চালকদের সহকারীরাও গুরুতর আহত হয়েছেন। তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও কুষ্টিয়া সদর থানাকে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল তামিম আহমেদ এবং উদ্ধার কার্যক্রমে সার্বিক সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।
সংবাদ পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া সদর থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িতে আটকে পড়া দুই চালককে উদ্ধার করে। পাশাপাশি আহত দুই চালক সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত সাড়া ও সমন্বিত কার্যক্রমের ফলে আহতদের সময়মতো উদ্ধার সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।