
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে খুলনায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) মহানগরীর ৬নং ঘাট সংলগ্ন কয়লার ডিপো বস্তি এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে খুলনা সদর নৌ কন্টিনজেন্ট। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক বিক্রির নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকাসহ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে, যা এই এলাকায় মাদক নির্মূলে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
অভিযানিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়লার ডিপো বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত কাল সেখানে আকস্মিক তল্লাশি চালানো হয়। সন্দেহজনক একাধিক বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগমকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত থেকে ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং মাদক ওজনে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়। উদ্ধারকৃত বিপুল পরিমাণ নগদ অর্থ মাদক বিক্রির অবৈধ লভ্যাংশ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বর্তমানে ৫ হাজার নৌ-সদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। দেশজুড়ে অপরাধ দমন ও জনমনে স্বস্তি ফেরাতে নৌবাহিনীর এই বিশেষ নজরদারি ও অভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলোতে মাদকের ভয়াবহতা রুখতে নৌবাহিনীর এমন দৃঢ় অবস্থানকে স্থানীয় সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।