
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়িয়েছে বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে সংগঠনটির প্রতিনিধি দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় মোকছেদুল মোমিন মিথুন বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা পরিবারটির পাশে থাকব এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তালাকটি শরিয়তসম্মত হয়েছে কিনা তা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা ও ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা করা উচিত।