
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ ও খুলনা-৫ আসনে ধানের শীষের বিশাল বিজয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজপথের প্রধান দল বিএনপি’র নেতাকর্মীদের মাঝে। নবনির্বাচিত এই দুই সংসদ সদস্য—রকিবুল ইসলাম বকুল ও আলী আসগার লবিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে খুলনা মহানগর বিএনপি। শুক্রবার সন্ধ্যায় মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে এক বিশাল প্রতিনিধি দল পৃথকভাবে নবনির্বাচিত দুই নেতার বাসভবনে যান। এ সময় শুভেচ্ছা বিনিময়কালে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা এলাকায় এক ভিন্নরকম বিজয় আমেজের সৃষ্টি করে।
শুভেচ্ছা বিনিময়কালে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এবারের জয় কেবল কোনো ব্যক্তির নয়, বরং এটি খুলনাবাসীর দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াইয়ের বিজয়। তাঁরা বিশ্বাস করেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি খুলনার শিল্পাঞ্চলসহ অবহেলিত জনপদগুলোর উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মহানগর বিএনপি আগামী দিনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে।
খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল তাঁর প্রতিক্রিয়ায় এই গৌরবময় বিজয়কে খুলনাবাসীর প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, খুলনার মাটি ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা অনেক। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে একটি আধুনিক ও তিলোত্তমা খুলনা গড়ে তোলাই হবে তাঁর আগামীর লক্ষ্য। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত এই জনপদের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি নিরলস কাজ করে যাওয়ার ঘোষণা দেন। জনগণের আমানত রক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে, রাজনৈতিক নেতৃত্বের প্রধান আদর্শই হলো জনসেবা।
খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগার লবি বলেন, এই বিজয় তাঁর ওপর বিশাল দায়িত্ব অর্পণ করেছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার টেকসই উন্নয়নে মনোনিবেশ করবেন। খুলনার সামগ্রিক অগ্রগতিতে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে উভয় স্থানে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আগামীতে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী এই সময়ে বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হচ্ছে।