
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। সকাল ৯টায় তিনি তাঁর কার্যালয়ে পৌঁছান।
এ সময় তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক কুশলাদি আলোচনা করেন।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.); সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান; নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান; বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন; প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন; প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী; অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মোঃ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর এ সফরকে সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক কর্মসম্পর্কের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।