
খুলনার দিঘলিয়া উপজেলার মোড়ে অবস্থিত মা হার্ডওয়্যার দোকানে গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও কীভাবে এ চুরি সংঘটিত হলো, তা নিয়ে জনসাধারণের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা রাতের কোনো এক সময় দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় দুই লক্ষাধিক টাকার বেশি মূল্যের মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়। সকালে এক স্থানীয় ব্যক্তি দোকানের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেন।
ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, নাইট গার্ড থাকা অবস্থায় এ ধরনের চুরি কোনোভাবেই স্বাভাবিক নয় এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।