
খুলনা-০৪ (দিঘলিয়া–রূপসা–তেরখাদা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আজিজুল বারী হেলালকে সংবর্ধনা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১ মার্চ ২০২৬), ১১ রমজান বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলার গাজীরহাটস্থ হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কারণেই আজ আমি এ দায়িত্ব পেয়েছি। দিঘলিয়া–রূপসা–তেরখাদার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের প্রসারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান দায়িত্ব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।