
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের অন্যতম বড় সমস্যা চিকিৎসা ব্যয়। বর্তমানে জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হলেও তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। এ বাস্তবতা বিবেচনায় সাংবাদিকদের জন্য একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তুলতে ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ট্রাস্টের বোর্ড সভায় ইতোমধ্যে ‘হেলথ কার্ড’ চালুর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির মাধ্যমে সাংবাদিকদের নিবন্ধন করা হবে। এরপর নিবন্ধনের ভিত্তিতে কার্ড প্রদান করে ওই কার্ডের আওতায় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে ঢাকায় কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ট্রাস্টের সহযোগিতায় এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে প্রকৃত সাংবাদিকতায় মনোযোগী হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে ফেলোশিপ চালুর পরিকল্পনাও রয়েছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অনেক সাংবাদিক মাস শেষে নিয়মিত বেতন পান না, অথচ নতুন মাস শুরু হলেই সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করতে হয়। এ বাস্তবতা বিবেচনায় ২০১৫ সাল থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি কার্যক্রম চালু রয়েছে। এবার খুলনা ও সাতক্ষীরা জেলার সাংবাদিক পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রায় ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
চিকিৎসা সহায়তা কার্যক্রমকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিবন্ধনের ভিত্তিতে কার্ড প্রদান করে ট্রাস্টের পক্ষ থেকে নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।