
দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে যশোরে রাত ৮টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে শপিংমল ও পোশাকের দোকান এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসি বন্ধ রাখতে হবে এবং শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, শুক্রবার (৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাকের দোকান ও শপিংমলগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে। ঈদের পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কঠোরভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।