
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত তিনটি সরকারি দপ্তরে তালা ভেঙে তছনছ করার ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা উপজেলা পরিষদের ভেতরে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মিরপুর উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসে ঢুকে তালা ভেঙে ফেলে। এ সময় তারা কয়েকটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
সোমবার সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, প্রতিটি কক্ষের আলমারি ভাঙা এবং আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।