
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে লেবাননে মানবিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। একদিনের ব্যবধানে দেশটিতে আরও প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এতে করে এখন পর্যন্ত বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজারে।
স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হাজার হাজার মানুষ তাদের বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। অনেক পরিবার স্কুল, কমিউনিটি সেন্টার ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বাস্তুচ্যুতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জরুরি ত্রাণ সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছে।
এদিকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সংঘাত অব্যাহত থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও সংঘাত নিরসনের পদক্ষেপ না নিলে লেবাননের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।