
ভারতের তামিলনাডুতে এক ব্যতিক্রমী ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ইউটিউবার গুগল ম্যাপ দেখে রাস্তার পাশের একটি ছোট খাবারের দোকানে যান এবং সেখানে জনপ্রিয় খাবার চিকেন ৬৫ অর্ডার করেন।
খাবার পরিবেশনের সময় দোকানদারের সঙ্গে আলাপে উঠে আসে অবাক করা তথ্য। দারুল রাইয়ান নামের ওই দোকানদার জানান, তিনি শুধু খাবার বিক্রেতা নন—পাশাপাশি বায়োটেকনোলজিতে পিএইচডি গবেষণাও করছেন। তিনি -এ উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং নিজের গবেষণাপত্রও প্রকাশ করেছেন।
দারুল রাইয়ান আরও জানান, মাত্র ১৬ বছর বয়সে তিনি এই খাবারের দোকানটি শুরু করেছিলেন। বর্তমানে সেটি পার্ট-টাইম হিসেবে চালিয়ে তিনি নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন। তার কথায়, “আমার নাম গুগলে সার্চ করলে আমার সব গবেষণা আর্টিকেল দেখতে পাবেন।”
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এই মেধাবী গবেষকের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন এবং তার পড়াশোনার খরচ বহনের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, কেউ কেউ দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেছেন—একজন পিএইচডি গবেষককে যদি জীবিকা নির্বাহের জন্য রাস্তায় খাবার বিক্রি করতে হয়, তবে সেটি একটি বড় প্রশ্নের জন্ম দেয়।
মানুষের সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির এই গল্প ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।