মৃত ঘোষণা করার পরও বেঁচে ফিরলেন নারী, অ্যাম্বুলেন্সের ঝটকায় ‘অলৌকিক’ ঘটনা
মো: আল-মাহফুজ শাওন
-
Update Time :
বুধবার, ১১ মার্চ, ২০২৬

-
ভারতের উত্তরপ্রদেশে চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন পিলভিটের বিচার বিভাগীয় আদালতে কর্মরত বিনীতা শুক্লা। পরে তাকে দ্রুত বেরেলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শারীরিকভাবে সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন এবং ‘ব্রেইন ডেড’ বলে ঘোষণা করেন।
বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, চিকিৎসকরা যখন জানান যে তার স্ত্রীর বেঁচে থাকার কোনো আশা নেই, তখন পরিবার শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছিল।
তবে ২৪ ফেব্রুয়ারি বেরেলি–হরিদ্বার জাতীয় মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সটি রাস্তার একটি বড় গর্তে পড়লে গাড়িটি শক্তভাবে ঝাঁকুনি খায়। সেই ঝাঁকুনির পরই হঠাৎ দেখা যায়, বিনীতা শুক্লার হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
ঘটনাটি দেখে অ্যাম্বুলেন্সে থাকা সবাই বিস্মিত হয়ে পড়েন। পরে তাকে দ্রুত পিলভিটের নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর একদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পিলভিটের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী পরীক্ষা ও সঠিক চিকিৎসার মাধ্যমে বিনীতা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে এই ঘটনার পর তার পরিবার এটিকে ‘মৃত্যুঞ্জয়ী ফিরে আসা’ বলে উল্লেখ করেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যেও বিস্ময় ও আলোচনার সৃষ্টি করেছে।
More News Of This Category