
খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আটকের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। পাশাপাশি বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ করা যাচ্ছে না।
এদিকে, ইসমাঈলকে আটকের পর হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে ডিবি কার্যালয়ে এনে তাকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইসমাঈলের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।