
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে নোয়াগাঁও বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি দোকানে ৪-৫টি করে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় সেগুলো একে একে বিস্ফোরিত হতে থাকে। এতে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং চারদিকে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোতালেব মিয়া, নাসির উদ্দিন ও আলী হোসেন জানান, তারা রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে গভীর রাতে আগুনের খবর পেয়ে এসে দেখেন, তাদের দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তাদের স্বপ্ন ও জীবিকার বড় ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানগুলোতে থাকা গ্যাস সিলিন্ডার আগুনের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।