
খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে চার মাস আগে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর আলিমুর রহমান সিয়ামকে অবশেষে জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ২২ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সিয়াম। এ ঘটনায় তার বাবা মো. মিরাজ শেখ চারজনকে আসামি করে অপহরণ ও অবৈধ আটকে রাখার অভিযোগে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে প্রদান করেন।
পিবিআই খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধানে এসআই গুলশান আরা শিলা মামলাটির তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে সিয়ামের ব্যবহৃত টিকটক আইডি থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যশোরের বেনাপোল এলাকায় অভিযান চালানো হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহযোগিতায় নিত্যহাট মেয়র মার্কেটের একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে সিয়ামকে উদ্ধার করা হয়। সে সময় ওই রেস্টুরেন্টের মালিক আজাদ মাহমুদের হেফাজতেই তাকে পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে বেনাপোল এলাকায় গিয়ে ওই রেস্টুরেন্টে কাজ নেয় এবং গত চার মাস সেখানেই অবস্থান করছিল।
পিবিআই জানায়, প্রাথমিকভাবে অপহরণের অভিযোগ থাকলেও তদন্তে ভিন্ন বাস্তবতা উঠে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সিয়ামকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।