
খুলনা দিবস উদযাপন উপলক্ষে নগরীর ময়ূরী নদী-তে প্রথমবারের মতো ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল ২০২৬ এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই ব্যতিক্রমী আয়োজনের মূল লক্ষ্য হলো সচেতনতা বৃদ্ধি করে দূষিত ও মৃতপ্রায় ময়ূরী নদীর নাব্যতা ফিরিয়ে আনা। পাশাপাশি নদীতে পলিথিনসহ সব ধরনের বর্জ্য ফেলা বন্ধ করা এবং নদীর দুই পাড়ে সবুজায়নের মাধ্যমে একটি নির্মল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হবে।
আয়োজকরা জানান, এই ভেলা বাইচ প্রতিযোগিতা শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি নগরবাসীর জন্য একটি সচেতনতামূলক উদ্যোগ হিসেবে কাজ করবে। ভবিষ্যতে নদীকে কেন্দ্র করে পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, ময়ূরী নদীকে পুনরুজ্জীবিত করে নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় বিনোদনস্থল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
খুলনা দিবসকে ঘিরে এ আয়োজন নগরজুড়ে উৎসবের আমেজ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।