
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জিয়া সংস্কৃতি সংগঠন (জিসাস)-এর আয়োজনে খুলনায় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, লোকসংগীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আশরাফুল আলম নান্নু, নাসরিন হক শ্রাবনী এবং খন্দকার ফারুক হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাস খুলনা মহানগরের আহ্বায়ক গোলাম রব্বানী ভুইয়া এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সৈয়দ শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ পায় এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
অনুষ্ঠানে প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত থেকে দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।