
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি | খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া গেলে তা তাৎক্ষণিক জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকানদারদের নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সড়কে পৃথক অভিযানে ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন চালককে জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও জানান, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও লাইসেন্স ছাড়া যানবাহন চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।