
ন্দলী বাজারে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পেট্রোলিয়াম আইনে ব্যবস্থা যশোরের অভয়নগর উপজেলায় সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুত রাখা এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পুষ্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার সুন্দলী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত পুষ্পল কবিরাজ স্থানীয় অমর কবিরাজের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে অভিযানে দোকানের ভেতর থেকে ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, লাইসেন্স ছাড়া ও নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল মজুত করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।